প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র রমজান মাস উপলক্ষে বনশ্রী মিডিয়া সোসাইটির (বি.এম.এস) উদ্যোগে এক বিশেষ মিলন সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২১ মার্চ বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরের পোলারিজ ক্যাফেতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি রমজানের শিক্ষা ও তাৎপর্য উপলব্ধির সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের সূচনা হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর থাকবে আন্তরিক আলোচনা, আসরের নামাজ এবং সদস্যদের পরিচিতি পর্ব। ইফতারের পর উপস্থিত সবাই একসঙ্গে মাগরিবের নামাজ আদায় করবেন। পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নৈশভোজেরও আয়োজন থাকছে যা মিলন মেলাকে আরও আনন্দদায়ক করে তুলবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইফতারের জন্য কোনো নির্দিষ্ট অর্থ ধার্য করা হয়নি। যারা উপস্থিত থাকতে পারবেন না তারা চাইলে আর্থিক অনুদান দিতে পারবেন। অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে নির্দিষ্ট সময়ের মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। সদস্যরা চাইলে তাদের পরিবারসহ এই আয়োজনে অংশ নিতে পারবেন।
বনশ্রী মিডিয়া সোসাইটির সদস্য সচিব শফিউল আলম বাবু বলেন, “এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয় বরং এটি আমাদের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুযোগ। আমরা চাই, সবাই একসঙ্গে বসে এই পবিত্র মাসের মাহাত্ম্য উপলব্ধি করুক এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হোক।”
এই আয়োজনে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন আহ্বায়ক মাসুম শাহরিয়ার, সদস্য সচিব শফিউল আলম বাবু ও অনুষ্ঠান উদযাপন কমিটি’র আহ্বায়ক মাহবুবুর রশিদ মুনা। আয়োজকদের মতে রমজানের এই আয়োজন সোসাইটির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।