প্রবাস মেলা ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্র ‘কথা দিলাম’। এই সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া ও অভিনেতা জামশেদ শামীম। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত ‘কথা দিলাম’ সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি ২০২৩ বিকেলে একুশে বইমেলায় জামশেদ-কেয়ার ‘কথা দিলাম’ টিম গিয়েছিল।
বইমেলায় সিনেমার প্রচারণায় এসে কেয়া বলেন, ‘প্রথমবার সিনেমার প্রচারণায় বইমেলায় এসে বেশ ভালো লাগছে। আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছি আমরা।’
গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই ইতিবাচক দর্শকদের মন্তব্য দেখা যাচ্ছে ট্রেলারের ইউটিউব কমেন্ট বক্সে। জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
সিনেমাতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা জামশেদ। কেয়া-জামশেদ ছাড়া আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনাসহ অনেকে।
এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। সব গানই লিখেছেন সিনেমাটির প্রযোজক জসিম উদ্দিন আকাশ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।