প্রবাস মেলা ডেস্ক: গত একশ’ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হারিকেন মিলটন আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। ঝুঁকির মুখে থাকা অন্তত ৫টি অঞ্চলে জারি হয়েছে কারফিউ। এলাকা ছেড়েছেন লাখো মানুষ। বাতিল হয়েছে দেড় হাজারের বেশি ফ্লাইট।
ঝড়ের প্রভাবে দমকা হাওয়া আর বৃষ্টি চলছে ফ্লোরিডার উপকূলীয় এলাকায়। তাণ্ডব থেকে বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার জন্য সামর্থ অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন উপকূলবাসী। নিরাপদ আশ্রয়ে সরে গেছেন ফ্লোরিডার সমুদ্র উপকূলীয় অঞ্চলের লাখ লাখ অধিবাসী। এতে রাস্তায় যানবাহনের চাপ যেমন বেড়েছে; তেমনি আপদকালীন জ্বালানি মজুদ রাখতে ভিড় বেড়েছে পেট্রোল স্টেশনে।
মিলটনের সম্ভাব্য গতিপথে থাকা অঞ্চলের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরার নির্দেশনা গুরুত্বের সাথে নেয়ার অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, এটি জীবন-মরনের প্রশ্ন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তিনি স্থগিত করেছেন জার্মানি ও আফ্রিকা সফর।
স্থানীয় সময় বুধবার রাতে ফ্লোরিডার পশ্চিম উপকূলের সবচেয়ে ঘনবসতিপূর্ণ টাম্পা বে এলাকায় হারিকেন মিল্টন আঘাত হানার কথা।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে হারিকেন মিলটনের গতিবেগ ঘন্টায় ১৭০ কিলোমিটার। এমন পরিস্থিতিতে ফ্লোরিডার ৬৭টির মধ্যে ৫১টি কাউন্টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
হারিকেন মিলটন আঘাত হেনে সরে না যাওয়া পর্যন্ত টাম্পা ও অরলান্ডোয় সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ ঘোষণা করায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।