রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে আসন্ন মেয়র নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। আগামী ১৫ মার্চ প্রথম রাউন্ড এবং ২২ মার্চ দ্বিতীয় রাউন্ডে দেশটির বিভিন্ন শহরে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত এলাকা লা কর্ণবেতে সোসালিস্ট পার্টির পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমারো ডোকেরো। তার প্যানেল থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক নাসির উদ্দিন ভূঁইয়া।
নাসির উদ্দিন ভূঁইয়ার জন্ম কুমিল্লা জেলার বরুড়া থানার শিলমুড়ি ইউনিয়নের খয়রাত পাড়া গ্রামে। তিনি ২০০৫ সালে ফ্রান্সে পাড়ি জমান। ফ্রান্সে বসবাসের শুরু থেকেই তিনি কর্মজীবনের পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সামাজিক ও ফরাসি কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি বর্তমানে ফ্রান্সের রাজিংস্টারস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরাসি রাজনীতিতে যুক্ত হওয়ার পেছনে তার মূল লক্ষ্য বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখা।
এ উপলক্ষে নাসির উদ্দিন ভূঁইয়া আগামী নির্বাচনে লা কর্ণবে এলাকার সকল বাংলাদেশিদের প্রতি মেয়র পদপ্রার্থী ওমারো ডোকেরোর প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মিজান চৌধুরী মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ পলাশসহ কমিউনিটির আরও অনেকে।