রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। রমজান মাস মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। আর এই আনন্দঘন দিনটিকে রঙিন করতে নতুন পোশাক কেনার হিড়িক পড়েছে প্রবাসীদের মাঝে।
ফ্রান্সে বর্তমানে এক লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। কর্মব্যস্ততার পাশাপাশি তারা সেখানে একটি বড় কমিউনিটি গড়ে তুলেছেন। রমজান মাস এলেই মনে হয় ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক ধরনের মিলনমেলার আবহ তৈরি হয়।
ফ্রান্সে প্রায় ২০০টিরও বেশি বাংলাদেশি সংগঠন রয়েছে। এসব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলগুলোতে শত শত প্রবাসী বাংলাদেশি একত্রিত হয়ে ইফতার করেন। ফ্রান্সের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতেও থাকে ইফতার আয়োজন। আলুর চপ, বেগুনি, সিঙ্গারা, সমুচা, ছানাবুটসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রকম ইফতারের আইটেম পাওয়া যায় এখানে। কর্মব্যস্ততার মাঝেও প্রবাসীরা বন্ধু ও পরিবার নিয়ে এসব রেস্টুরেন্টে ভিড় জমাচ্ছেন, যেন বিদেশে থেকেও দেশের ইফতারের স্বাদ নিতে পারেন।
তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছুটা বৃদ্ধি পাওয়ায় অনেক প্রবাসীই বিপাকে পড়েছেন। অন্যদিকে, বাংলাদেশি পোশাকের দোকান সংখ্যা কম থাকায় ঈদ উপলক্ষে সেই স্বল্পসংখ্যক দোকানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে।
পোশাক ব্যবসায়ীরা জানান, প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ ও ভারত থেকে পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, থ্রি-পিসসহ নানা ধরনের দেশীয় পোশাক আমদানি করা হয়েছে। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে দোকানগুলো সকাল থেকে রাত বারোটা পর্যন্ত খোলা রাখা হয়। ক্রেতারা ফ্রান্সে থেকেও দেশীয় পোশাক কিনতে পেরে বেশ আনন্দিত।
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সে জন্য কমিউনিটির পক্ষ থেকেও নানান আয়োজন করা হয়েছে। বিদেশের মাটিতে থেকেও তারা দেশীয় সংস্কৃতির ছোঁয়া ধরে রাখার চেষ্টা করছেন।