জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী ফেনীবাসীদের সংগঠন ‘ফেনী সমিতি ইউকে’র নাম ও লোগো ব্যবহার করে কমিউনিটিতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ১৪ মে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত এক প্রতিবাদ সভা ও সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়।
আহ্বায়ক কমিটির সভাপতি বিপ্লব হোসেন মহির সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি কুতুব উদ্দিন হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ, কাজী সারোয়ার হোসেন, আবুল কাশেম, আফসার উদ্দিন, কাজী তৌহিদুর রহমান, আব্দুর রহিম, ফেরদৌস বিন হামান তাসমির, মামুন আব্দুল কাইয়ুম শিমুল, দিদারুল আলম, মুনর আহমেদ, নজরুল ইসলাম দাউদ, তোমাহের হোসেন, তৌহিদুল আলম মজুমদার, ইমতিয়াজ আজিম, কাজী আলমগীর প্রমুখ।
লিখিত বক্তব্যে সদস্য সচিব নজরুল ইসলাম বিপ্লব বলেন, “গত ২৩ মার্চ ২০২৫ একদল স্বার্থান্বেষী ব্যক্তি ‘ফেনী সমিতি ইউকে’র নামে সমান্তরাল আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এবং একই সঙ্গে ‘Feni Samity UK Limited’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কোম্পানি হাউসে রেজিস্ট্রেশন করেন যার একমাত্র পরিচালক মোহাম্মদ শাহজাহান। প্রতিষ্ঠানটি মূল সংগঠনের নাম, লোগো ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ড অবৈধ, অনৈতিক এবং আইনবিরোধী। এতে প্রবাসী ফেনীবাসীর মধ্যে বিভেদ ও বিদ্বেষের জন্ম দিচ্ছে। এমনকি ওই পক্ষ হাই কমিশনে সংগঠনের নাম ব্যবহার করে স্মারকলিপি প্রদান করেছে যা আমাদের প্রতিষ্ঠানের মর্যাদার পরিপন্থী।”
আহ্বায়ক কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আশরাফ উদ্দিন, আব্বাস উদ্দিন হাজারী, খুরশীদ আলম, ওয়ালিউল্লাহ বাচ্চু, নিজাম উদ্দিন রাসেল ও আবু নাসের মোহাম্মদ মুজাহিদ—এদের কেউই সংগঠনের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নন। তাদের বিরুদ্ধে ফ্রড অ্যাকশন ও টাওয়ার হ্যামলেট কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত ফেনী সমিতি ইউকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের চ্যারিটি কমিশনে নিবন্ধিত একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। যার রেজিস্ট্রেশন নম্বর ১১৫৫৯১৫।
গত ২১ মার্চ ২০২৫, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাক্তন সভাপতি কুতুব উদ্দিন হাজারী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর ২০ এপ্রিল ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার আয়োজন করে যা প্রবাসী ফেনীবাসীর মধ্যে সম্প্রীতির বার্তা ছড়ায়। এছাড়া ৪ মে অক্সফোর্ডে আয়োজিত সংবর্ধনা ও প্রীতিভোজে ব্যাপক সাড়া পড়ে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুতুব উদ্দিন হাজারী বলেন, “প্রতিষ্ঠিত একটি চ্যারিটি সংগঠনের নাম ও লোগো ব্যবহার করে কোম্পানি হাউসে ব্যবসা রেজিস্ট্রেশন সম্পূর্ণ বেআইনি।”
জাহাঙ্গীর ফিরোজ বলেন, “ফেনী সমিতি আগে যেমন ঐক্যবদ্ধ ছিল, এখনো তেমনই আছে। কিছু ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা সবাইকে আহ্বান জানাই—জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করুন। নির্বাচন সামনে—সদস্য হোন, ভোট দিন, সংগঠনকে এগিয়ে নিন।”