প্রবাস মেলা ডেস্ক: ফিলিস্তিনের ১ হাজার হজযাত্রীর হজের যাবতীয় ব্যয়ভার বহন করবে সৌদি আরব সরকার। যাদের পরিবার থেকে অন্তত একজন সদস্য ইসরায়েলি বাহিনীর হাতে নিহত, আহত কিংবা গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি আছেন, তালিকায় তারাই অগ্রাধিকার পাবেন।
১২ জুন ২০২৩, সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রপ্রধান ও বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ শনিবার এ ঘোষণা দিয়েছেন।
রোববার সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মন্ত্রী ড. শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ এসপিএকে বলেন, বাদশাহ সালমানের এই উদারতা ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের সঙ্গে সৌদির সম্পর্কের গভীরতা প্রমাণ করল, পাশাপাশি স্বাধীনতার জন্য ফিলিস্তিনের ত্যাগকেও স্বীকৃতি দিল।
মন্ত্রী জানান, এক হাজার হজযাত্রীর সৌদি আসার খরচ থেকে শুরু করে হজের যাবতীয় ব্যয় বহন করবে সৌদি সরকার। তালিকা প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পশ্চিম তীর ও গাজা— উভয় ভূখণ্ড থেকে হজযাত্রীদের তালিকায় স্থান দেওয়া হচ্ছে।
এই তালিকায় স্থান পাওয়া মোহাম্মদ আল জান্নাতি একজন ফিলিস্তিনি হজযাত্রী। আমিরাতভিত্তিক গালফ নিউজকে তিনি জানান, হজ করতে গত ১৭ বছর ধরে চেষ্টা করছেন তিনি; কিন্তু অর্থসংকটের কারণে মক্কায় যেতে পারেননি । আল্লাহকে ধন্যবাদ, যিনি ভাগ্যে এই দান বরাদ্দ করেছেন।