প্রবাস মেলা ডেস্ক: আবারও অভিনয়ে ফিরছেন মাহফুজ আহমেদ। তাকে দেখা যাবে ‘অন্তরালে’ ওয়েব ফিল্মে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আগেই জানা গেছে, ‘অন্তরাল’ ওয়েব ফিল্মে অভিনয় করবেন পরীমনি ও তারিক আনাম খান। তাদের সঙ্গী হলেন মাহফুজ আহমেদ।
চয়নিকা চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, এটা আনন্দের যে মাহফুজ আহমেদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। তার সঙ্গে প্রায় ৮০টির মতো নাটক করেছি। আবারও একটি কাজ হবে। এবার নতুন ধারার কাজ, ওয়েব ফিল্ম। আরও আনন্দের বিষয় হলো আমার পরিচালনা দিয়ে অনেকদিন পর সে কাজে ফিরছে। আশা করছি সবাই তার অভিনয় উপভোগ করবেন। তিনি জানান, মাহফুজ আহমেদের সঙ্গে কাজের ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। মাহফুজ এখানে ‘মনা’ চরিত্রে অভিনয় করবেন।
এই কাজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহফুজ আহমেদ বলেন, অভিনয়টাই তো আমার নেশা ও ভালো লাগার জায়গা। নানা কারণে কাজ করা হচ্ছিলো না। প্রায় তিন বছরের বিরতি। আবারও ফিরতে পেরে ভালো লাগছে। আশা করছি উপভোগ্য হবে এই কাজটা।
এর আগে সর্বশেষ ২০১৮ সালের একটি টিভি নাটকে অভিনয় করেন মাহফুজ আহমেদ।