জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যের প্লেইস্টো সাউথ উপনির্বাচনে বিপুল সংখ্যক ভোটে বিজয় অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মোহাম্মাদ নজরুল ইসলাম। নিউহাম ইন্ডিপেন্ডেন্টসের মনোনীত এই প্রার্থী ৯১৩ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে লেবার পার্টির আশিম সিংহ ৪৩৬ ভোট, রিফর্ম ইউকের লাজার মোনু ৩২৯ ভোট, গ্রিন পার্টির নিক মোটে ১৫২ ভোট, কনজারভেটিভ পার্টির রইস মিয়া ১২৩ ভোট এবং লিবারেল ডেমোক্র্যাটসের শেরি মিলার ৯০ ভোট পান।
জয়ের পর প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম বলেন, “লেবারসহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো মানুষের আস্থা হারিয়েছে। তাই জনগণ বিকল্প হিসেবে আমাকে ও নিউহাম ইন্ডিপেন্ডেন্টসকে বেছে নিয়েছে। তাদের আস্থা ও সমর্থনের কারণেই আজকের এই বিজয়।”
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনী এলাকার জনগণের জন্য হাউজিং ট্যাক্স, গ্যাস-বিদ্যুৎ বিল, গাড়ির জরিমানা ও নাগরিক ভোগান্তি সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সরকারের কাছে জোর দাবি জানাবেন।