প্রবাস মেলা ডেস্ক: রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির পৃথক ২ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে প্লট দুর্নীতির দু’টি মামলায় শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর করে মোট ৪ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন।
এছাড়াও রায়ে শেখ হাসিনা ও টিউলিপকে ২ মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে রায়ে শেখ হাসিনার বোন শেখ রেহানার ২ সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে ৭ বছরের করাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি তাদের প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে।
অন্যদিকে রায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে রাজউক ও গণপূর্ণ মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
এর আগে গত ১৮ জানুয়ারি ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রবিউল আলম রায়ের জন্য সোমবারের দিন ধার্য করেন।
২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুথানের মুখে ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ২০২৫ সালের জানুয়ারি মাসে ছয়টি মামলা করে দুদক।
এর মধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ৪টি মামলার রায় ইতোমধ্যে হয়েছে। যেখানে ৪টি মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে পুতুলের ৫ বছর করে, বোন শেখ রেহানা ৭ বছর এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক ২ বছরের সাজা পেয়েছেন।