প্রবাস মেলা ডেস্ক: ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তি। ২০১৬ সালে হয়েছিলেন মিস আর্থ। মডেল হিসেবেও রয়েছে তাঁর পরিচিতি। ২০২১ সালে ‘টপ মডেল ইউকে’র শিরোপাও জিতেছিলেন।
এবার বাংলাদেশেই ‘টপ মডেল’ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে প্রতিযোগিতাটি পরিচালনা করার অনুমতিও পেয়েছেন বলে জানিয়েছেন। শিগগিরই শুরু করবেন বাংলাদেশি অংশের কাজ। শুরু হয়েছে রেজিস্ট্রেশেন। প্রিয়তি জানান, ১৮ বছর থেকে ২৯ বছর বয়সী নারী ও পুরুষ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পাঁচটি বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হবে—পুরুষ এডিটরিয়াল (বয়স ১৮ বছর থেকে ২৯ বছর), পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০ বছর থেকে ৪২ বছর), নারী এডিটরিয়াল (বয়স ১৪ বছর থেকে ১৯ বছর), নারী কমার্শিয়াল (বয়স ২০ বছর থেকে ২৯ বছর) এবং নারী ক্লাসিক (বয়স ৩০ বছর থেকে ৪০ বছর)।
বিজয়ী নারী ও পুরুষ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লন্ডনের টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইডে। রেজিস্ট্রেশন করা যাবে https://www.topmodelbangladesh.com/ ঠিকানায়।