প্রবাস মেলা ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় ম্যাগাজিন পাক্ষিক প্রবাস মেলা অফিস পরিদর্শন করেছেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী সেলিনা আক্তার জোসনা। সাথে ছিলেন তার স্বামী আব্দুল খালেক রিন্টু।
২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার সন্ধ্যায় হাতিরপুলস্থ নাহার প্লাজায় প্রবাস মেলা কার্যালয়ে প্রবাস জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন সংস্কৃতিমনা এই দম্পতি। তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাস মেলার কলাকুশলীদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের আশুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, এই দম্পতি প্রায় ৩ যুগেরও বেশি সময় ধরে ইতালির মিলানোতে বসবাস করছেন। সেলিনা আক্তার জোসনা দেশপ্রেমকে সঙ্গী করে সেখানে বাংলার কৃষ্টি-কালচার চর্চা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা চর্চাকে উৎসাহিত করার জন্য তিনি মিলানোতে বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন। আব্দুল খালেক রিন্টু একজন ব্যবসায়ী হলেও তার স্ত্রীর কাজে বেশ উৎসাহ যোগান।
শেষে পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ এই দম্পতির হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।