প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস প্রবাসী কণ্ঠশিল্পী কাজী কাবেরী রহমান। এসময় তিনি প্রবাস মেলা কলাকুশলীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
কাজী কাবেরী রহমান ১৯৯৫ সালে খুলনা বেতারে আধুনিক সঙ্গীতের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন। যদিও নজরুলগীতির শিল্পী নাছির হায়দার কে দিয়ে তার গানের হাতেখড়ি। পরবর্তীতে আধুনিক গান গেয়েই তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
কাবেরী রহমান বলেন, সাংসারিক জীবনের কর্মব্যস্ততার অবসরে একান্ত ভালোলাগার মুহূর্তে একা একাই গুণগুণ করে গান গাওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় গান, কবিতা আর সুর ছাড়া জীবনের ছন্দ পতন হয়ে যায়। কবিতা হলো মানুষের ভাষা আর সংগীত হচ্ছে তার নিঃশব্দের ভাষা, তাই সংগীত আমার জীবনের দুর্লভ পাওয়া।
তিনি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর আর শাহ আব্দুল করিম এর গান আমার বিশেষভাবে ভালো লাগে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত সুরকার ফরিদ আহমেদ এর সুর, মোহাম্মদ রফিকউজ্জামান এর কথা মৌলিক গান ‘ছুঁয়ো না ছুঁয়ো না’ ওস্তাদ কাজী নাজির আহম্মেদ হাসিবের সুর ও সৈয়দ এম হোসেন বাবু’র কথা ‘সুখে থাকো ভালো থাকো’ তারিক সাঈদের মিউজিক এর পাশাপাশি সুরকার ফরিদ আহমেদ এর সাথে পাঁচটি কভার গান এবং রিংকুর সাথে দুটি কভার গান করছেন কাজী কাবেরী রহমান। এ বছর নিউইয়র্কে ফোবানা সম্মেলনে গান গেয়েও কাবেরী রহমান দর্শক সমাদৃত হয়েছেন।
শেষে প্রবাস মেলা’র রিপোর্টার মো: বাছের আলী এবং গাফিক্স ডিজাইনার মো: আশরাফুল আলম মাসুদ গুণী এই শিল্পীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।