মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রবাসীরা যেন হয়রানি না হন। তাদের বিপদ-আপদে দূতাবাস ও কনসুলেট পাশে থাকবেন প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে এই কথাটি বলে গেলাম।
তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন বিএনপির ভালো লাগে না। এইসব উন্নয়ন দেখে বিএনপি নেতাদের ঘুম আসে না। উপমন্ত্রী শনিবার সৌদি আরবের জেদ্দার এলিট হোটেলে শরীয়তপুর প্রবাসী কল্যাণ সমিতির সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

তিনি এসময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ পদ্মা সেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু ট্যানেল, চার লেনের রাস্তা, ফ্লাইওভার, মেট্রোরেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে। যারা রাস্তায় ঘুমাতো তারা এখন স্থায়ী বাড়িতে ঘুমায়। এসব দেখে বিএনপি জামাত জোটের ভালো লাগে না।
এনামুল হক শামীম বলেন, বিএনপি দেশে আওয়ামীলীগের বিরুদ্ধে কিছু করতে না পেরে বিদেশে এজেন্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যস্ত। তাদের কোনো কিছুতেই ভালো লাগে না। তাদের মূলত বাংলাদেশকেই ভালো লাগে না, তারা অন্তরে পেয়ারে পাকিস্তান।
বিশেষ অতিথির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আমি যোগদান করার পর থেকেই প্রবাসীদের হয়রানি বন্ধ হয়েছে, প্রবাসীদের সব ধরনের সেবা দ্রুততার সাথে কনসুলেট প্রদান করছেন, যদি কোথাও কোন সমস্যা হয় অথবা যথাযথ সেবা না পান আমার দরজা সবসময়ই আপনাদের জন্য খোলা থাকবে বলে জানান তিনি।

সৌদি আরব শরীয়তপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হাবীব রহমান ব্যাপারীর সভাপতিত্বে -দেলোয়ার সরকার ও বোরহান উদ্দিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, লেভার কাউন্সিলর আমিনুল ইসলাম, মুসা আব্দুল জলিল, সুলতান আহমেদ সরদার, ওমর তাঁতী, সফিকুজ্জামান, সাইফুল ইসলাম, মনির মৃধা প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাজমুল ঢালী।