রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর, ২০২১ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ, এমপি জর্ডান প্রবাসী কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে মিলিত হন। বাংলাদেশ প্রান্তে মাননীয় মন্ত্রীর সাথে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: বিল্লাল হোসেন, মন্ত্রণালয় ও অধীনস্ত বিভিন্ন সংস্থার উর্ধবতন কর্মকর্তাবৃন্দ। জর্ডান প্রান্তে মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সোবহান, দুতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও জর্ডান প্রবাসী কর্মীরা মাননীয় মন্ত্রীর সাথে মতবিনিময় করেন। মান্যবর রাষ্ট্রদূত প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী, সচিব ও মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সুরক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মাননীয় মন্ত্রী প্রবাসী কর্মীদের বক্তব্য শুনেন এবং তাদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

দিবসটি উপলক্ষে ১৮ ডিসেম্বর, ২০২১ তারিখে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জর্ডানের রামথা থানার আল হাসান শিল্প এলাকায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জর্ডানের সর্ববৃহৎ গার্মেন্টস ফ্যাক্টরী ক্ল্যাসিক ফ্যাশন এপারেলসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সোবহান, ক্ল্যাসিক ফ্যাশনের চেয়ারম্যান জনাব সানাল কুমার, আইএলও, লেবার ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং অনান্য দেশের কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদুত বলেন, অভিবাসী কর্মীরা তাদের পরিবার, নিজের দেশ এবং যে দেশে তারা কাজ করেন সেদেশের উন্নয়নে অবদান রাখেন। তিনি সকল অভিবাসী কর্মীর জন্য আন্তর্জাতিক অভিবাসী দিবসের গুরুত্বের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ক্ল্যাসিক ফ্যাশনের চেয়ারম্যান, আইএলও এবং লেবার ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বাংলাদেশি, ভারতীয়, শ্রীলংকান ও নেপালী অভিবাসী কর্মীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।