আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: বাংলাদেশী প্রবাসীদের আরো বেশি সেবা প্রদানের লক্ষে বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপিত হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । তিনি আরো বলেন, খুব শীঘ্রই এই কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশী প্রবাসীদের সার্বিক নিরাপত্তা প্রদান, মর্যাদা ও অধিকার আদায়ের দাবির পরিপ্রেক্ষিতে এমন আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
ইতালির রাজধানী রোমে ২৭ অক্টোবর ২০১৯ জালালাবাদ এসোসিয়েশনের বিশ্ব সিলেট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এমন দাবী জানানো হয়।
উল্লেখ থাকে যে এ দাবি প্রবাসী জনগণের অনেক দিনের দাবি । প্রবাসবান্ধব সংগঠনগুলো যেমন আয়েবা, কানেক্ট বাংলাদেশসহ আরো অনেক সংগঠনের দীর্ঘ দিনের দাবি।
জাঁকজমকপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে রোমের স্থানীয় একটি গির্জা হলে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব।
অনুষ্ঠানে বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীদের সুবিধার জন্য আলাদা একটি ডেস্ক প্রদানের দাবি জানানো হয়। এছাড়া ব্রাজিলে সাওপালেতে অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার জন্য কনস্যুলেট সার্ভিস প্রদানের জন্য জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে দাবি জানিয়ে একটি স্মারক প্রদান করা হয় পররাষ্ট্রমন্ত্রীকে।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য খুবই আন্তরিক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের দাবি খুবই যৌক্তিক ও বাস্তবমুখী। এসব দাবী বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নেবে, আশা করি আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেন রুট করার অনুমোদন পেলেও অর্থ বরাদ্দ হয়নি। বাদাঘাট সড়ক ৬ লেন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। ঢাকা-সিলেট মহাসড়কের টেন্ডার কিছু দিনের মধ্যে হবে বলে জানান মন্ত্রী।
জালালাবাদ এসোসিয়েশনের বিশ্ব সিলেট উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, ইতালি জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি অলি উদ্দিন শামীম সহ আরও অনেকে ।