আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেছেন, প্রায় ১০ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশির ভাগ্য চূড়ান্তভাবে অনিশ্চিত হয়ে পড়েছে। তারা বাংলাদেশের সঠিক কাগজপত্রের অভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না, ১৪ আগস্ট রোমের দূতাবাসের কনফারেন্স রুমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান ।
যারা পাসপোর্ট নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন, এমন সব বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়ে সরাসরি তাদের সমস্যার কথা জানান। মতবিনিময় সভায় উপস্থিত থাকা বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক বলেন: পাসপোর্টের জন্য আবেদনকারীকে অবশ্যই প্রমাণ করতে হবে তিনি একজন বাংলাদেশি। যদিও পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টস হারিয়েও যায় তাতে কোন সমস্যা নেই। কিন্তু অবশ্যই প্রমাণ করতে হবে সে একজন বাংলাদেশি ।

তিনি আরো বলেন, পাসপোর্টের জন্য আবেদনকারী যদি তার নাম ও জন্ম তারিখ সঠিকভাবে বলতে পারে, সেটি যদি আমরা অনলাইনে খুঁজে পাই তবেই তিনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তিনি বলেন, যারা আজকে পাসপোর্ট এবং বিভিন্ন কাগজপত্রহীন এখানে কাজকর্ম করছে বা বিভিন্ন দেশ থেকে এসেছে তারা অবশ্যই বাংলাদেশ ছাড়ার সময় তাদের হাতে পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র ছিল ,কাজেই তারা যদি জন্ম তারিখ এবং নিজের নাম বাবার নাম সঠিকভাবে বলেন তাহলে অবশ্যই কম্পিউটার থেকে বা আমাদের নথিপত্র থেকে তাদের তথ্য পাওয়া যাবে । সঠিক কাগজপত্র ছাড়া কেউ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না যাদের মূল বয়স থেকে ৫ বছর পর্যন্ত কমানো হয়েছে তারা অবশ্যই পাসপোর্টগুলো পাবেন বলে নিশ্চিত করেছেন । আর যাদের পাসপোর্ট এর মধ্যে পাঁচ বছরের বেশি বয়স বাড়ানো হয়েছে তাদের বেলায় পরে সিদ্ধান্ত নেয়া হবে পর্যায় ক্রমে বলে জানানো হয় । তবে এই সমস্ত পাসপোর্টের কাজ চলছে।
মতবিনিময় সভায় মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেন, আপনারা কেউ পাসপোর্ট সমস্যার সমাধান করতে কোন টাকা পয়সা দিবেন না ,যদি টাকা পয়সা কেউ চায় তাহলে আমাকে জানাবেন।
প্রায় ১০ হাজারের মতো পাসপোর্ট এর সমস্যা আছে, এর মধ্যে আরও এক হাজারের মত আছে যাদের কোন কাগজপত্রই নাই তাঁদের বেলায় কি হবে? এই প্রশ্নের জবাবে মান্যবর রাষ্ট্রদূত বলেন, যাদের কোনো কাগজপত্র একেবারেই নেই বা তারা কোন সঠিক কাগজপত্র জমা দিতে পারবে না তাদের ক্ষেত্রে দূতাবাস কিছুই করতে পারবেন না।
এ সময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম কে লোকমান হোসেন , ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, সহ-সভাপতি আলী আহমেদ ঢালী, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রবাসী নেতৃবৃন্দরা বলেন, এবার অনেক প্রবাসীই তাদের পাসপোর্ট সমস্যার সমাধান পেয়ে যাবেন।