রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা ফ্রান্সের রাজধানী প্যারিসে দশটি পূজামণ্ডপে আয়োজন করেছে। শনিবার মহা আয়োজনের মধ্য দিয়ে মহাসপ্তমী উদযাপন করা হয় এবং মা দুর্গার কাছে প্রার্থনা করা হয়।
মা দুর্গার আগমনে পৃথিবী থেকে যত অশুভ শক্তি আছে তা দূর হবে এবং হানাহানি বন্ধ হয়ে সকলের মধ্যে শান্তি ফিরে আসবে।
ফ্রান্সের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পূজা আয়োজকরা বলেন, প্রবাসের মাটিতে এ রকম আয়োজন করতে পেরে সত্যিই আমরা আনন্দিত। এবং প্রতি বছরের ন্যায় এবারও আমরা সফলভাবে পূজা আয়োজন করতে সক্ষম হয়েছি । প্রবাসের মাটিতে পরিবার-পরিজন আত্মীয়-স্বজন ছাড়া যেকোনো উৎসবই কষ্টদায়ক কিন্তু তারপরও কমিটির সকলে মিলে একসাথে পূজা উদযাপন করতে পেরে কিছুটা হল আনন্দ উপভোগ হচ্ছে।
প্রতিটি মন্ডপেই প্যারিসের শিল্পী সহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীদের মাধ্যমে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পরে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন দেখে অতিথিরা সন্তুষ্ট প্রকাশ করেন। উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশিদের একটি বিশাল জনগোষ্ঠী ফ্রান্সে অবস্থান করছে এবং সবাই একত্রিতভাবে দশটি পৃথক পৃথক স্থানে পূজা উদযাপন করছেন।