রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে “নারীকথা” শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করেছে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)। শনিবার (৭ মার্চ) প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্যু থাবাই’ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যারিস–এস্ত ক্রেতেই বিশ্ববিদ্যালয় (প্যারিস–১২) এর এইআই ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক মারসেলা হেন্ডারসন-পিল। এছাড়া বক্তব্য দেন প্যারিসের যুব কাউন্সিলর, সাফের প্রেসিডেন্ট ও লেখক নয়ন এনকে। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন হাসনাত জাহান ও নীলুফার জাহান।
সাফ কর্মকর্তা তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও রুমন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন ডা. জাহরিন নূপুর, ফারজানা আলম, শাহনাজ আক্তার ও বিদ্যুৎ মোরশেদ। এছাড়া কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মুনির কাদের।
অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন জয়িতা বড়ুয়া, নবকুমার বড়ুয়া ও নবনীতা বড়ুয়া।
অনুষ্ঠানের প্রথম পর্বে “পিতামাতার সহায়তা এবং শিশু সুরক্ষা: পুনর্বিবেচনামূলক অনুশীলন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নীলুফার জাহান ও হাসনাত জাহানকে “সাফ নারী সম্মাননা” প্রদান করা হয়। এ সময় তাদের জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
আলোচকরা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।