রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্ণব পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা পূজা পরিষদ প্যারিস ফ্রান্সের আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২। রঙিন সাজে, বৈশাখী গান আর দেশীয় খাবারের সমারোহে এ উৎসব পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানের সূচনা হয় দুপুরে বর্ণাঢ্য মঙ্গলযাত্রার মাধ্যমে। এরপর দেশীয় সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী প্রবাসীরা আনন্দে মেতে ওঠেন। ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরাও অংশ নেয় উৎসবের নানা আয়োজনে। পাশাপাশি কিছু ভিনদেশি নাগরিকও উৎসবে যোগ দিয়ে বাঙালি সংস্কৃতির রঙে নিজেদের রাঙিয়ে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রতন চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খোকন ঘোষ এবং উপস্থাপনায় ছিলেন প্রধান উপদেষ্টা শ্যামল ভৌমিক। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিষ্ণু বৈষ্ণব, বিজয় সাহা, ঝন্টু সাহা, পাপ্পু সাহা, রানা সাহা, অসীম নাথ, বাবুল বণিক, প্রনীল সাহা, রিপন চন্দ্র, প্রেম ঘোষ, জয়দেব সাহা, নিমাই দেবনাথ, সুমন সাহা ও মিন্টু দেবনাথসহ আরও অনেকে।
উৎসবে ছিল পান্তা-ইলিশ, ফুচকা, ঝালমুড়ি, চটপটি ইত্যাদি দেশীয় খাবারের আকর্ষণীয় আয়োজন। বিকেলে ছিল বাচ্চাদের জন্য ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা এবং নারীদের জন্য ছিল বালিশ খেলা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পর্বে ফ্রান্সপ্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমা দাসসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।
প্রবাসে থেকেও বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও উদযাপনের এই প্রয়াসে প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা জানান আয়োজকেরা।