শ্যামলী আক্তার, ওয়ারশ, পোল্যান্ড থেকে: যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে দূতাবাস কর্তৃপক্ষ নানা কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। দূতাবাসের মিনিস্টার এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাজী মুনতাদীর মুর্শেদ পতাকা উত্তোলন করেন। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাজী মুনতাদীর মুর্শেদ তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং প্রবাসীদের দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে পোল্যান্ড ছাড়াও ইউক্রেন, লিথুয়ানিয়া ও লাটভিয়ায় বসবাসরত অনেক প্রবাসী উপস্থিত ছিলেন। প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা দূতাবাসের এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এমন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।