প্রবাস মেলা ডেস্ক: লাতিন আমেরিকার দেশ পেরুতে সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ২৮ নভেম্বর ২০২১, রবিবার দেশটির উত্তরাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘর ধসে পড়ায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূকম্পন অনূভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর বারানকা থেকে ৪২ কিলোমিটার দূরে আমাজন অঞ্চলে। যা ভূমি থেকে প্রায় ১১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই উত্তরাঞ্চলীয় লা ইয়ালকা শহরের বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। একইসঙ্গে, ধসে পড়েছে ১৬০০ শতাব্দীর একটি প্রাচীন গির্জাও।
এছাড়াও, এতে আমাজন এবং কায়ামার্কা অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কয়েকটি সড়ক ও মহাসড়কও। ভূমিকম্পের পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাড়িঘর ধসে পড়ায় হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সবধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।