জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বেঙ্গলি পারফর্মিং আর্ট লন্ডন আয়োজিত ‘সারদা সন্ধ্যা’-র। গত ১০ অক্টোবর (শুক্রবার) পূর্ব লন্ডনের মেনর পার্কের দি রয়েল রিজেন্সি হলে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য আয়োজন ও উচ্ছ্বাসে ভরপুর।
লন্ডনের বিশিষ্ট ব্যক্তিত্ব, গণ্যমান্য অতিথি, কাউন্সিলর এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল দর্শকের উপস্থিতিতে পুরো হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রাণবন্ত উপস্থাপনা করেন কিশোয়ারা মুনিয়া।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সম্পাকুন্ড ও বিজয় কুমার সরকার। লন্ডনের বিভিন্ন শহর থেকে আগত শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন।
সাংস্কৃতিক পর্বে ওপার বাংলার জনপ্রিয় শিল্পী সুকান্ত আশ্চার্য ও জয়তী চক্রবর্তী তাঁদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
লন্ডনের স্থানীয় শিল্পীদের পারফরম্যান্স এবং আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় ‘সারদা সন্ধ্যা’ পরিণত হয় এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসবে।