জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে ‘পেরিল্যান্ড পিজা অ্যান্ড গ্রিল চিকেন শপ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ অক্টোবর (শুক্রবার) সকাল ১১টায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশি মালিকানাধীন এই নতুন রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেছেন সাতজন তরুণ উদ্যোক্তা— ইকবাল আহমেদ, আবুল বাসার, পলটন সরদার, সাহালম পেদা, ইমরান ঢালি, ইউনুচ ঢালি ও রিফাত মোহাম্মদ। তারা জানান, প্রবাসে হালাল ও মানসম্মত খাবারের চাহিদা পূরণের লক্ষ্যেই এই রেস্টুরেন্ট চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেন মালিকপক্ষ। এ সময় জানানো হয়, উদ্বোধন উপলক্ষে প্রথম দশ দিন সব খাবারে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
রেস্টুরেন্টে থাকবে বিভিন্ন ধরনের হালাল খাবার, পিজা ও গ্রিল চিকেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অতিথিদের মধ্যে পিজা ও মিষ্টান্ন বিতরণ করা হয়।
কর্তৃপক্ষ জানান, জন্মদিনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য রেস্টুরেন্টে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।