জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বাঙালির জীবনের প্রতিটি আনন্দঘন মুহূর্তে পিঠার উপস্থিতি যেন অবিচ্ছেদ্য। সেই ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পূর্ব লন্ডনে আয়োজন করা হয় বর্ণাঢ্য পিঠা মেলা।
লন্ডনের মেনোর পার্কের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত এই পিঠা মেলার আয়োজন করে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আই অন টিভি। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি ছিল দর্শকপূর্ণ, উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে ভরপুর।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর মঞ্চ মাতান তার সুরেলা পরিবেশনায়। নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো হল ভরে ওঠে উৎসবের রঙে।
মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি ছিল নামিদামি ব্র্যান্ডের শাড়ি, গহনা ও পোশাকের স্টল। পিঠার মধ্যে ছিল পুলি পিঠা, ফুল পিঠা, কলা পিঠা, সূর্যমুখী ফুল পিঠা ও পাটি শাপলা পিঠাসহ নানা মুখরোচক আইটেম।
মেলায় বিভিন্ন দেশের দর্শকদের উপস্থিতিতে এক সময় যেন মনে হচ্ছিল— এ যেন লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ।
এই সফল আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন আই অন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, যিনি প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন এবং ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।