প্রবাস মেলা ডেস্ক: বিয়ের আগে থেকেই কাজে বিরতি টেনেছিলেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী শখ। তার জীবনে অনেক কিছুই ঘটে গেছে। পর পর দুই বিয়ে; দুই মাস আগে কন্যাসন্তানের মাও হন শখ। অনেকেই ভেবে নিয়েছিলেন শোবিজের রঙিন দুনিয়া ছেড়ে সংসারী হয়েছেন তিনি। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে পুরনো রূপে ফিরলেন এই শিল্পী। টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে কোনো নাটক, সিনেমা কিংবা ওয়েব কনটেন্ট নয়, নাচ দিয়েই হবে তার প্রত্যাবর্তন। সেটাই হয়েছে।
৪ ডিসেম্বর ২০২১, শনিবার নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে নেচেছেন শখ। এতে জুটি হিসেবে ছিলেন তার নৃত্যগুরু সোহেল রহমান। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই নিত্যশিল্পী।
বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ের নানা আয়োজনে নৃত্যগুরুর সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেছিলেন শখ। আগামী ১৭ ডিসেম্বরও সংসদ ভবনে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে একসঙ্গে নাচবেন এই জুটি।
এদিকে, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় শুরু হচ্ছে নতুন প্রতিভা খোঁজার প্রতিযোগিতা ‘আগামীর তারকা সিজন ২’। জানা গেছে, নাচ ও সংগীত নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করবেন শখ। সারাদেশের সেরা নৃত্যশিল্পীদের খুঁজে আনবেন তিনি। নৃত্য বিভাগে শখ ছাড়াও থাকবেন আরও তিন বিচারক নিলুফার ওয়াহিদ পাপড়ি, মুনমুন আহমেদ ও সোহেল রহমান।
মডেল ও পরবর্তী সময়ে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও শখের ক্যারিয়ার শুরু হয়েছিল নাচের মাধ্যমে। মডেলিং আর অভিনয়ে তিনি জনপ্রিয়তা পেলেও নাচ চালিয়ে গেছেন সমানভাবে।
তবে শখ দীর্ঘদিন ধরেই ছিলেন অন্তরালে। ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে সেই সংসার ভেঙে গেলে অনেকদিন একাই ছিলেন অভিনেত্রী। এরপর গত বছরের ১২ মে গাজীপুরের ব্যবসায়ী আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। বিরতির সময়টাতে তিনি সেখানেই বসবাস করেছেন। গত ২৪ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শখ। মা হওয়ার পর একটি রেডিও অনুষ্ঠানে এসে তিনি ক্যারিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে অনেক কথা বলেছিলেন এই শিল্পী।