প্রবাস মেলা ডেস্ক: পার্লামেন্টে যৌন ‘হেনস্থার শিকার’ হয়েছেন বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার একজন নারী আইনপ্রণেতা। ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার একজন অস্ট্রেলিয়ান আইনপ্রণেতা বিস্তারিত অভিযোগ করেছেন, তিনি কীভাবে পার্লামেন্টের ভেতরে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। একইসঙ্গে পার্লামেন্ট ভবনটি নারীদের কাজের জন্য ‘নিরাপদ জায়গা নয়’ বলেও দাবি করেন তিনি।
রয়টার্স বলছে, পার্লামেন্টে যৌন হেনস্থার শিকার অস্ট্রেলিয়ার ভুক্তভোগী ওই নারী আইনপ্রণেতার নাম লিডিয়া থর্প। সিনেটে দেয়া ভাষণে থর্প বলেন, তিনি ‘যৌন মন্তব্য’ এর শিকার হয়েছেন। শুধু তাই নয় সিঁড়িতে তাকে কোণঠাসা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে তার শরীরে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ করেছেন থর্প। সেসময় তাকে ‘কুপ্রস্তাব’ দেয়া হয়েছিল বলেও অভিযোগ করেন।
থর্পের দাবি, তার অভিযোগের কেন্দ্রে রয়েছেন ডেভিড ভ্যান। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ভ্যান।
সিনেটর ভ্যান বৃহস্পতিবার বলেন, তিনি এই ধরনের অভিযোগের কারণে ‘ছিন্নভিন্ন এবং বিধ্বস্ত’ হয়েছেন। এমনকি এসব অভিযোগ ‘সম্পূর্ণ অসত্য’ বলেও স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন তিনি।
ভ্যান বলেন, ‘আমি তদন্তকারীদের সম্পূর্ণ সহযোগিতা করব এবং আমার এবং সিনেটর থর্পের বিষয়ে তাদের যে কোনো প্রশ্নের উত্তর দেব। এদিকে অভিযুক্ত সিনেটরকে তার দল লিবারেল পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার লিবারেল পার্টির নেতা পিটার ডাটন এক বিবৃতিতে বলেছেন, ভ্যানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নজরে এসেছে। ভ্যানকে দল থেকে বরখাস্ত করা হয়েছে।