প্রবাস মেলা ডেস্ক: সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব রায় জানান, বিমানটি রানওয়েতে আছে। যাত্রীরা সবাই সুস্থ আছেন। তারা যার যার গন্তব্যে চলে গেছেন। চাকা মেরামতের কাজ চলছে।
নীলফামারীর সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের ৬৭ আরোহী। ঢাকা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি ১৭ নভেম্বর ২০২১, বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৈয়দপুর বন্দরের রানওয়েতে নামার সাথে সাথে বেঁকে যায় বিমানের সামনের চাকাটি। এ অবস্থায় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটিকে সফলভাবে অবতরণ করান পাইলট।
ওই বিমানের যাত্রী আজিজুর রহমান দুলু বলেন, ‘রানওয়ে স্পর্শ করার সাথে সাথে সামনের চাকাটি বেঁকে যায়। তারপরও পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করি।’
নভোএয়ারের হেড অব মার্কেটিং মেজবাউল ইসলাম বলেন, ‘উড়োজাহাজ অবতরণের পর সামনের চাকা বেঁকে যায়। এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই নিরাপদেই ছিলেন। কেউ আঘাত পাননি।’
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব রায় বলেন, ‘বিমানটি রানওয়েতে আছে। যাত্রীরা যার যার গন্তব্যে চলে গেছেন। চাকা মেরামতের কাজ চলছে।’