জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: লন্ডন, ২৯ সেপ্টেম্বর ২০২৬: যুক্তরাজ্যে বাংলাদেশি রন্ধনশিল্পীদের অন্যতম বৃহৎ আয়োজন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ‘শেফ অব দ্য ইয়ার কুক-অফ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহ্যাম কলেজে। সারাদেশ থেকে আসা শত শত আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত ৫৫ জন সেরা রন্ধনশিল্পী এ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ১১ জন নারী শেফ।
“আজকের অর্জনকে সম্মান জানানো, আগামী দিনের সাফল্যকে অনুপ্রাণিত করা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বিসিএর মর্যাদাপূর্ণ এ আয়োজন। কারি—বিশেষ করে বাংলাদেশি ও ভারতীয় খাবার—এবং যুক্তরাজ্যের হসপিটালিটি খাতে নারী শেফদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে এবারের প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।
শত শত আবেদনের মধ্য থেকে বাছাই করা ৫৫ জন ফাইনালিস্ট নিজেদের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরেন। বিচারকদের বিচক্ষণ মূল্যায়ন ও স্বাদ পরীক্ষার মাধ্যমে প্রতিযোগীদের মধ্য থেকে সেরাদের নির্বাচন করা হয়।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় ১১ জন নারী শেফের অংশগ্রহণ যুক্তরাজ্যের কারি ও হসপিটালিটি শিল্পে নারীদের ক্রমবর্ধমান অবস্থান ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তাঁদের অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মের নারী রন্ধনশিল্পীদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শেফদের অর্জনকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে আয়োজকরা বলেন, এই আয়োজন শুধু সেরা রন্ধনশিল্পীদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়; বরং যুক্তরাজ্যের রেস্টুরেন্ট ও হসপিটালিটি শিল্পে নতুন প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট ওলি খান এমবিই, সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম, বাবর চৌধুরীসহ বিসিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।