প্রবাস মেলা ডেস্ক: পর্যটন খাত চাঙ্গা করতে পর্যটকদের বিনামূল্যে বিমানের ৫ লাখ টিকিট দেবে হংকং সরকার। ‘হ্যালো হংকং’-নামে একটি ক্যাম্পেইনের আওতায় পর্যটক টানতে এই উদ্যোগ নিয়েছে চীনের নিয়ন্ত্রণে থাকা বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দরনগরীটি।
মার্কিন সম্প্রচামাধ্যম সিএনএন নিউজের খবর, ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার হংকং সরকার ‘হ্যালো হংকং’ ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করে। এর আগে, এই ক্যাম্পেইন পরিকল্পনা করতে দুই বছরেরও বেশি সময় ব্যয় করেছে হংকং কর্তৃপক্ষ।
হংকং কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, চীন এবং হংকংয়ের তিনটি এয়ারলাইনসের মাধ্যমে বিনামূল্যের টিকিটগুলো দেয়া হবে। এয়ারলাইনসগুলো হলো, ক্যাথে প্যাসিফিক, এইচকে এক্সপ্রেস এবং হংকং এয়ারলাইনস। সবমিলিয়ে এই ৫ লাখ টিকিট দিতে হংকং সরকারকে ব্যয় করতে হবে ২৫ কোটি ৪৮ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৩৫ কোটি টাকারও বেশি।
মোট তিনটি মৌসুমে এই টিকিটগুলো বন্টন করা হবে। প্রথম ধাপে ১ মার্চ থেকে দেয়া হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য। দ্বিতীয় ধাপে ১ এপ্রিল থেকে দেয়া হবে চীনের মূল ভূখণ্ডে অবস্থিত নাগরিকদের এবং এর পর ১ মে থেকে বাকি টিকিটগুলো বিশ্বের বাকি দেশগুলোর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে।