প্রবাস মেলা ডেস্ক: পর্তুগালের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, সামাজিক নিরাপত্তা তহবিলে (সেগুরান্সা সোশিয়াল) অভিবাসীদের অবদান ৪ বিলিয়ন ইউরোরও বেশি।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে পর্তুগালে ১১ লাখের বেশি বিদেশি কর্মী নিয়মিতভাবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অবদান রাখছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য বলছে, ২০২৫ সালে অভিবাসীরা সামাজিক নিরাপত্তা তহবিলে প্রায় ৪ দশমিক ১৫ বিলিয়ন ইউরো জমা দিয়েছেন, যা তহবিলের মোট অবদানের প্রায় ১৪ শতাংশ।
কর্মসংস্থানের মাধ্যমে কর ও সামাজিক নিরাপত্তা তহবিলে অর্থ প্রদান করে অভিবাসীরা পর্তুগালের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশ্লেষকদের মতে, এই অবদান দেশটির সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।
তথ্য অনুযায়ী, গত বছর অভিবাসীরা যেখানে প্রায় ৪ দশমিক ১৫ বিলিয়ন ইউরো তহবিলে জমা দিয়েছেন, সেখানে তাঁদের জন্য সামাজিক সুবিধা বাবদ ব্যয় হয়েছে মাত্র প্রায় ৮২২ মিলিয়ন ইউরো। ফলে এই খাত থেকে সরকারের জন্য ৩ বিলিয়ন ইউরোরও বেশি উদ্বৃত্ত তৈরি হয়েছে।
গত এক দশকে অভিবাসীদের অবদান উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৫ সালে বিদেশি কর্মীদের অবদান ছিল প্রায় ৪৮১ মিলিয়ন ইউরো, যা ২০২৫ সালে এসে চার বিলিয়নের বেশি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শ্রমবাজারে অভিবাসীদের অংশগ্রহণ বাড়ায় পর্তুগালের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে দ্রুত বাড়তে থাকা বয়স্ক জনসংখ্যার দেশে কর্মক্ষম জনশক্তি ধরে রাখতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।