রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের বন্দর নগরী পোর্তোয় নানা আয়োজনে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো এবং পর্তুগিজ স্পাসো টি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যৌথভাবে ভিন্ন আঙ্গিকে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৮:১৫ মিনিটে প্রথম পর্বে পোর্তোর স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পর্তুগাল সরকারের মাইগ্রেশান এন্ড ইন্টিগ্রেশান এর সচিব ড. ক্লাউডিয়া পেরেইরা, বাংলাদেশ দূতাবাস লিসবনের দ্বিতীয় সচিব আলমগীর হোসেন, পোর্তোর পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ড. ম্যানুয়েল সিলভা লেইট, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য ডা. ম্যানুয়েল পিজারো, ক্ষমতাসীন সোসালিষ্ট পার্টির সংসদ সদস্য ড. টিয়াগো বারবোসা রিবেইরো, পোর্তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওলগা মাগনো, পোর্তো সিটি কাউন্সিলর ড. ফারনান্দো পাউলো, পোর্তোর বনফিমের সভাপতি ড. জোয়াও রিকার্ডো আগুয়ার, পোর্তো ইসলামিক কমিউনিটির সভাপতি আবদুর রহমান, পোর্তো হিন্দু কমিউনিটির সভাপতি কামিল, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ, পর্তুগালের ক্ষমতাসীন স্যোসালিষ্ট পার্টির নেতৃবৃন্দ, পোর্তো সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পর্তুগাল বাংলা প্রেস ক্লাব সহ পোর্তো শহরের প্রবাসী বাংলাদেশীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাত ৯.৩০ মিনিটে দ্বিতীয় পর্বে পোর্তো শহরের এন্তনীয় কমার্শিয়াল দো পোর্তো অডিটোরিয়ামে একুশের বিশেষ আলোচনা, একুশের সন্মাননা পদক ও নৈশভোজের আয়োজন করা হয়।
পর্তুগাল প্রবাসী রকি হোসেন এবং সাদিয়া আফরিনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্পাসো টির সভাপতি জর্জ অলিভেইরা এবং শুভেচ্ছা বক্তব্যে রাখেন দূতাবাসের দ্বিতীয় সচিব আলমগীর হোসেন, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন। অনুষ্ঠানে বক্তাগন পর্তুগিজ-বাংলাদেশ সম্পর্ক সহ পর্তুগিজ ভাষা, সাহিত্য সংস্কৃতির সাথে আমাদের বিভিন্ন দিক নিয়ে বক্তব্যে রাখেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন এবং পর্তুগাল সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় চালু হওয়া ৪র্থ একুশে সম্মাননা পদক অনুষ্ঠানে পর্তুগালের মূলধারার রাজনৈতিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সংগঠন সহ ৮ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংস্থাকে বিশেষ একুশে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পর্তুগালের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ন ও বিচারে এবারে একুশে পদকে ভূষিত করা হয় সদ্য অলিম্পিককে পর্তুগালের স্বর্ণ বিজয়ী ক্রিড়াবিদ পেদ্রো পিকারর্দো, পর্তুগালে অভিবাসন বিষয়ক মন্ত্রনালের সচিব, পর্তুগাল বাংলা প্রেসক্লাব, পূর্ব ইউরোপ এর অভিবাসন নিয়ে কাজ করা পর্তুগালের একটি সংগঠন, পোর্তোর শিক্ষাবিদ ম্যানুয়েল এন্টিনিও সোসা সহ ৮ ব্যক্তি ও সংগঠন। এই প্রথম কোন প্রবাসী বাংলাদেশী সংগঠন হিসেবে পর্তুগাল বাংলা প্রেসক্লাবকে মিডিয়া ক্যাটাগরিতে সেরা সংগঠন হিসেবে পদক প্রধান করা হয় করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে পর্তুগাল প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।