প্রবাস মেলা ডেস্ক: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে সভাপতির পদটি শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী আলী আফজাল ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে অভিযুক্ত হয়েছেন। ফলে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার সভাপতির পদটি স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে গেছে।
আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না, যদি তিনি ঋণখেলাপি হন কিংবা হালনাগাদ কর, ভ্যাট বা শুল্ক পরিশোধ না করেন। আইন অনুযায়ী, নির্বাচিত হওয়ার পর ঋণ বা করখেলাপি হিসেবে তালিকাভুক্তির ১৮০ দিনের মধ্যে তা পরিশোধ না করলে পদটি শূন্য বলে গণ্য হবে।
এর আগে, গত ১৮ এপ্রিল রিহ্যাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল। প্রগতিশীল প্যানেল থেকে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান আফজাল ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তখনকার বিদায়ী সভাপতি ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের’ ওয়াহিদুজ্জামান ১৯৩ ভোট পেয়েছিলেন।