প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আর জোরাজুরি করবেন না ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কি।
৭ মার্চ ২০২২, সোমবার রাতে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট।
ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ন্যাটোতে যোগ দেওয়া প্রসঙ্গে আগে থেকেই চুপ রয়েছেন তিনি। ইউক্রেনকে গ্রহণ করতে ন্যাটো প্রস্তুত নয়, এটি বুঝতে পারার পর থেকেই ন্যাটোর সদস্য পদ পাওয়ার বিষয়টিতে জোর দিচ্ছেন না।
এমনকি রাশিয়ার সঙ্গে সংঘাতের মতো বিষয়গুলোর মুখোমুখি হতে ভয় পায় ন্যাটো, এমন মন্তব্যও করেন ইউক্রেন প্রেসিডেন্ট।
এর আগে, একইদিন ন্যাটোতে যোগ না দিলে মুহূর্তের মধ্যে ইউক্রেনের ওপর চলা এ অভিযান বন্ধ করে দেওয়া হবে বলে জানান রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি এক বক্তব্যে বলেন, ইউক্রেনকে নিজ সংবিধানে এমন সংশোধনী আনতে হবে, যাতে তার পক্ষে ন্যাটোর মতো কোনো জোটে যোগ দেওয়া সম্ভব না হয়। এছাড়া ক্রিমিয়াকে রাশিয়ার অংশ এবং দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, এমন শর্তও আরোপ করেন তিনি।