প্রবাস মেলা ডেস্ক: নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি বছর ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৩৩ জন নিখোঁজ রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত নেপালে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হয়ে থাকে। এতে প্রতিবছরই বহু মানুষের মৃত্যু হয়। নিখোঁজও হয় অনেকেই। এ বছর তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। গত জুন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে দেশটিতে। এর ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানা আচার্য বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার (৮ আগস্ট) সকালেও দেশের মধ্যাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু ও আরও ছয়জন নিখোঁজ হয়েছে। উদ্ধারকারী কর্মীরা কাঠমান্ডুর কাছের একটি গ্রামে ভূমিধসে চাপা পড়া একটি বাড়ির নিখোঁজ ৬ বাসিন্দার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
এই কর্মকর্তা আরও জানান, এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩৩ জন। ব্যাপক বৃষ্টিপাতের কারণে নেপালের বিভিন্ন অঞ্চলের ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ফলে প্রধান প্রধান সড়কসহ বহু রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ফলে মানুষের স্বাভাবিক বিপর্যস্ত হয়ে পড়েছে।
পুলিশ বলছে, মঙ্গলবারের ভূমিধসে রাজধানীর সঙ্গ দক্ষিণাঞ্চলের সংযোগকারী একটি প্রধান মহাসড়কও বন্ধ হয়ে গেছে। বৃষ্টির কারণে কাঠমান্ডু উপত্যকায় বাগমতি নদীর তীর ভেঙে গেছে। যে কারণে ওই অঞ্চলের অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যার কবলে পড়া ওই অঞ্চলটিতে প্রায় ৪০ লাখ মানুষের বসবাস রয়েছে।
নেপালের স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, লোকজন তাদের বাড়িঘর থেকে বন্যার পানি বের করে দেয়ার চেষ্টা করছে। পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ পূর্ব সিন্ধুলি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।