প্রবাস মেলা ডেস্ক: চলতি মাসে মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেয়ার পর সকল রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই সুনির্দিষ্ট নির্বাচনী টাইম ফ্রেম দেবে বলে জানিয়েছেন গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সঙ্গে জেলা ও দায়রা জজ আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহিদ পরিবার কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি।
এসময় উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই অনুযায়ী চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেয়া হবে। সংস্থার কমিটিরগুলোর প্রতিবেদন পাওয়ার পরে যত দ্রুত সম্ভব দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে সরকার।
এর আগে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে স্থানীয় আইনজীবীদের সঙ্গে নিয়ে শহিদদের স্মরণে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আল সরকার। সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম, জিপি অ্যাডভোকেট তোতা মিয়া ও শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।
প্রসঙ্গত, আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোরটি বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জের শহিদ রিয়াজুল ফরাজী, শহিদ ফরিদ শেখ, মো. সজল মোল্লা, মানিক মিয়া শারিক চৌধুরী ও শহিদ ডিপজল সরদারের চিহ্ন হিসেবে ইতিহাস বহন করবে।