প্রবাস মেলা ডেস্ক: নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না জামায়াতে ইসলামী ও এবি পার্টি। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা হবে শেখ হাসিনা আমলের ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের পুনরাবৃত্তি।
প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কারগুলো সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিলে সেই নির্বাচনে অংশ নেবে তাদের দল।
আর এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মতে, সারাদেশের পুলিশকে কার্যকর করা না গেলে ডিসেম্বরে অবাধ নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে। তিনি মনে করেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জুন-জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের পথে গেলে ডিসেম্বরে নির্বাচন দেয়া সম্ভব।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিকহারে সংসদে প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়ে বিএনপির সাথে বিপরীতমুখী অবস্থান জামায়াত ও এবি পার্টি। তবে এসব বৈপরিত্য আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও জানান এই দুই নেতা।
জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার দ্রুত দেখতে চান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।