হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার নিউইয়র্ক এর জালালাবাদ ভবনে সন্ধ্যা ৭টায় বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদিরের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এম আব্দুর রহিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি শাহাব উদ্দীন। এতে অতিথি বক্তা ছিলেন- মুলধারার রাজনীতিক লিগেলকনসালটেন্ড এডভোকেট মুজিবুর রহমান, মুলধারার রাজনীতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি রিয়েলেটর মইনুল ইসলাম, সংগঠক জাকির হোসেন বাচ্চু, ইয়ামীন রশীদ, আবুল কালাম আযাদ, মোফাখর আহমদ এবং আব্দুন নূর শেখ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন- ম আ মুকতাদিরের মতো দেশপ্রেমিক ছাত্র জনতা জীবন বাজি রেখে ১৯৭১ এ মহান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজও বাংলাদেশে স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত।
বার বার রক্ত দিয়ে ক্ষমতার পালাবদল হয়। কিন্তু গরীব মানুষের ভাগ্যর পরিবর্তন অথবা গণতান্ত্রিক সমাজ কোনটাই প্রতিষ্ঠা হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার নামে আখের গোছানো হয়েছে। তাই আজ স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন মুছে ফেলার জন্য পাচই আগষ্টের গণঅভ্যুত্থানের পর সুপরিকল্পিতভাবে দেশের মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনার উপর ভাংচুর ও ধংসযজ্ঞ চালায়। এবং আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করার মতো ধৃষ্টতা দেখায়। তাই আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। শত্রু-মিত্র চিহ্নিত করে আপোষহীন সংগ্রামের বিকল্প নেই। বীর মুক্তিযুদ্ধা মুক্তাদিরের আদর্শের সৈনিকেরা সেই সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করবেন। স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, চক্ষুশিবির, গরীব মেধাবীদের বৃত্তি সহ ম আ মুকতাদিরের জীবন ভিত্তিক স্মারক গ্রন্থের প্রকাশনার যে মহতী উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সভা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করানো হয়।