প্রবীণদের জন্য ‘সোশ্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার’-এর উদ্বোধন, সম্মাননা পেলেন আব্দুল কাদের শিশির
হাকিকুল ইসলাম খোকন ও আয়েশা আক্তার রুবি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রবীণ প্রবাসীদের সম্মানজনক ও আনন্দময় জীবনের প্রত্যাশায় নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান অল কান্ট্রি হোম কেয়ার গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী রিভার ক্রুজ। একইসঙ্গে শুভ সূচনা হয়েছে ‘সোশ্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার’-এর।
এ উপলক্ষে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমারের পক্ষ থেকে তার ডেপুটি চিফ অব স্টাফ নিল টাইভেডি প্রতিষ্ঠানটির সিইও আব্দুল কাদের শিশিরসহ আরও দুজনকে ‘প্রক্লেমেশন’ প্রদান করেন।
গত রবিবার, ১৩ জুলাই ২০২৫, নিউইয়র্কের কুইন্সের ফ্লাশিং বে থেকে শুরু হয়ে ইস্ট রিভার ও হাডসন নদী ঘুরে আবার ফ্লাশিং বেতেই শেষ হয় পাঁচ ঘণ্টার রিভার ক্রুজ। এতে অংশ নেন প্রায় ৪০০ জন, যাদের মধ্যে ছিলেন ৩৫০ জনেরও বেশি প্রবীণ। গান, আড্ডা, স্মৃতিচারণ ও বাঙালি খাবারের আয়োজন পুরো যাত্রাকে আনন্দঘন করে তোলে।
‘স্কাইলাইন প্রিন্সেস’ নামের জাহাজটি যখন স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে অতিক্রম করে, তখন যাত্রীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। চমৎকার আবহাওয়ায় প্রাণবন্ত পরিবেশে প্রবাসীরা ফিরে যান হারানো শৈশব ও কৈশোরের স্মৃতিতে।
সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন, রন্টি দাস, কামরুজ্জামান বকুল ও শিমুল খান। গানের মূর্ছনায় মুগ্ধ অংশগ্রহণকারীরা হারিয়ে যান আপন অতীতে।
নতুনভাবে যাত্রা শুরু করা ‘সোশ্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার’ প্রসঙ্গে অল কান্ট্রি হোম কেয়ারের সিইও আব্দুল কাদের শিশির বলেন, “প্রবীণদের জন্য নিউইয়র্ক স্টেটের সুযোগ-সুবিধা যেন সহজে পাওয়া যায়, সে লক্ষ্যে এই আয়োজন। এখানে থাকবে বাঙালি খাবার, বাংলা ভাষায় কথা বলার পরিবেশ এবং পরিবারের মতো আপন পরিবেশ।”
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন প্রবীণ মাইক হাতে নিয়ে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানান আয়োজকদের। বলেন, “সন্তান-নাতিরা ব্যস্ত থাকার কারণে আমরা নিঃসঙ্গতায় ছিলাম। এই ডে কেয়ার আমাদের সেই একাকীত্ব ঘোচাতে সাহায্য করবে।”
অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনায় পরিচালনা করেন প্রবাসের সুপরিচিত উপস্থাপক সোনিয়া সিরাজ। প্রবীণদের পাশাপাশি ছিলেন তাদের সন্তান-নাতি-নাতনিরাও। অংশ নিয়েছেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধাও। দুপুর ১২টায় যাত্রা শুরু হয়ে বিকাল ৫টায় জাহাজটি ফিরে আসে ফ্লাশিং বে’র ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার ঘাটে।
প্রীতিভোজের ফাঁকে গান পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন সাংবাদিক শাহ ফারুক ও অল কান্ট্রি হোম কেয়ারের চেয়ারম্যান লায়ন তারেক হাসান খান। তিনি নিজেও দুটি গান পরিবেশন করে সবার প্রশংসা কুড়ান। ইংরেজি কবিতা আবৃত্তি করে দর্শকদের মন জয় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকতার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আতাউর রহমান আতা, আই-টিভির পরিচালক রিমন ইসলাম, আইবিএননিউজ২৪.কম-এর সম্পাদক আয়েশা আক্তার রুবি, সাংস্কৃতিক সংগঠক ডা. নারগিস রহমান, ঝর্ণা চৌধুরী, মাসুদা ইয়াসমিন রুমা, শ্যামল, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
সমাপনী বক্তব্যে অল কান্ট্রি হোম কেয়ারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন তারেক হাসান খান সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “কমিউনিটির সবাইকে সঙ্গে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।”