হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘তৃতীয় ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৬’। গত ১৬ মে নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)-এর উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
রিয়েল এস্টেট পেশাজীবী, বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তা, প্রথমবারের বাড়ি ক্রেতা, কমিউনিটি ও ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এ এক্সপোটি নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
আয়োজকদের তথ্যমতে, রিয়েল এস্টেট, মর্টগেজ, ফাইন্যান্স, আইন, ব্যাংকিং, বিনিয়োগ, ট্যাক্স, বীমা এবং প্রযুক্তি খাতের শতাধিক পেশাজীবী এ আয়োজনে অংশ নেন। তারা উপস্থিত প্রবাসীদের বাড়ি কেনা, বিনিয়োগ, আর্থিক পরিকল্পনা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করেন।
এক্সপোর মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বাড়ি কেনা, রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ, আর্থিক পরিকল্পনা এবং ব্যবসায়িক সংযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য এটি একটি ‘ওয়ান-স্টপ রিয়েল এস্টেট ও বিনিয়োগ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করেছে, যেখানে অংশগ্রহণকারীরা একই ছাদের নিচে বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান।
ইউএসবিসিসিআই-এর প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও সিইও মো. লিটন আহমেদ বলেন, “এই এক্সপো প্রমাণ করেছে যে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি রিয়েল এস্টেট, বিনিয়োগ এবং ব্যবসায়িক উন্নয়নের ক্ষেত্রে ক্রমেই আরও সচেতন ও আগ্রহী হয়ে উঠছে।” তিনি বলেন, ইউএসবিসিসিআই সবসময় কমিউনিটির অর্থনৈতিক ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “এই এক্সপো শুধু একটি ব্যবসায়িক আয়োজন নয়; বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গঠন, বিনিয়োগ জ্ঞান বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুযোগ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।”
অনুষ্ঠানে গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে, টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএ-এর প্রেসিডেন্ট আলী কোচাক, লং আইল্যান্ড বোর্ড অব রিয়েল্টর্স-এর প্রেসিডেন্ট শান খানসহ ব্যবসা ও রিয়েল এস্টেট খাতের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
দিনব্যাপী আয়োজনে বর্তমান রিয়েল এস্টেট বাজার, সুদের হার, বাড়ির চাহিদা, বিনিয়োগ সম্ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ডিজিটাল মার্কেটিং, স্মার্ট লিড জেনারেশন, শরিয়াহসম্মত হোম ফাইন্যান্সিং এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা নিয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্য বিশেষ সেশনে ক্রেডিট স্কোর, ডাউন পেমেন্ট, মর্টগেজ অনুমোদন, সরকারি ও বেসরকারি সহায়তা কর্মসূচি এবং বাড়ি কেনার বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাড়ির সংকট, সম্ভাবনাময় বিনিয়োগ এলাকা, নতুন নির্মাণ, বেসমেন্ট বৈধকরণ, ট্যাক্স সাশ্রয় এবং সম্পদ গঠনের কৌশল নিয়েও আলোচনা করা হয়।
প্যানেল আলোচনায় রিয়েল এস্টেট, ফাইন্যান্স ও ব্যবসায়িক খাতের অভিজ্ঞ পেশাজীবীরা অংশ নেন। তারা বাড়ি ক্রেতা, বিনিয়োগকারী, রিয়েলটর, মর্টগেজ পেশাজীবী এবং কমিউনিটি সদস্যদের বাস্তব অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
দর্শনার্থীরা সরাসরি রিয়েল এস্টেট এজেন্ট, মর্টগেজ ব্রোকার, অ্যাটর্নি, সিপিএ, ব্যাংক ও ফাইন্যান্স প্রতিনিধি, বীমা বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ গ্রহণের সুযোগ পান। এর মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্পর্ক ও সম্ভাবনাময় যোগাযোগ গড়ে ওঠে।
দর্শনার্থীদের জন্য ফ্রি ব্রেকফাস্ট, প্রফেশনাল হেডশট, পার্কিং, কমপ্লিমেন্টারি পিজ্জা লাঞ্চ এবং লাইভ নেটওয়ার্কিং সেশনের আয়োজন ছিল বিশেষ আকর্ষণ।
এদিকে, এক্সপো চলাকালে ইউএসবিসিসিআই-এর সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। প্রথমটি গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স এবং দ্বিতীয়টি টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএ-এর সঙ্গে সম্পাদিত হয়।
ইউএসবিসিসিআই-এর পক্ষে প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে এবং টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএ-এর প্রেসিডেন্ট আলী কোচাক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আয়োজকদের আশা, এসব সমঝোতার মাধ্যমে বাণিজ্যিক সহযোগিতা, বিনিয়োগ সুযোগ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে।