প্রবাস মেলা ডেস্ক: বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে কাজ করা সংগঠন বাংলা ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (বিলস) এর উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো রকল্যান্ড রিট্রিট অ্যান্ড বুক ফেয়ার। আগামী ২৬ ও ২৭ জুলাই ২০২৫ চেস্টনাট রিজ এলাকার থ্রিফোল্ড ক্যাফে প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমী সাহিত্য ও সংস্কৃতিমূলক অনুষ্ঠান।
দুই দিনব্যাপী আয়োজনে থাকছে কবিতা, গল্প ও ছড়া পাঠ, তাৎক্ষণিক লেখালেখি প্রতিযোগিতা, অটিজম স্পেকট্রামে থাকা লেখকদের সাহিত্যকর্ম প্রদর্শনী, বই প্রকাশনা ও বিক্রির সুযোগ। লেখকরা চাইলে নিজ নিজ বই পাঠ, প্রদর্শন ও বিক্রি করতে পারবেন।
এছাড়াও আয়োজনে থাকছে বনভ্রমণ, যোগব্যায়াম, সাঁতার ও শরীরচর্চা কার্যক্রম—সবকিছুই অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। পরিবেশবান্ধব খাদ্য ও ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টান্ন পরিবেশন করা হবে। বাংলা ও পাশ্চাত্য সুরের সমন্বয়ে সঙ্গীত পরিবেশনার আয়োজনও থাকছে। অংশগ্রহণকারীরা চাইলে তাদের মৌলিক লেখা প্রকাশের সুযোগও পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হাওয়ার্ড র্যাংকিন, প্রধান অতিথি ক্যারোলিন রাইট, উদ্বোধনী বক্তব্য রাখবেন ড. শান্তনু দাস এবং মূল বক্তা হিসেবে থাকবেন জুয়ান মোবিলি। আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ধনঞ্জয় সাহা।
সাহিত্যপ্রেমীদের একত্রিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহীদের www.bilsus.com ওয়েবসাইটে নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে।