প্রবাস মেলা ডেস্ক: শিশু ও নারীর প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহীন রেজা। এতে কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
নারী ও শিশু ধর্ষক ও নিপীড়কদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে বক্তব্য দেন কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শহীদুল্লাহ ফারারজি, কবি শাহীন রেজা, কবি শ্যামল জাকারিয়া, কবি এবিএম সোহেল রশীদ, কবি ইউসুফ রেজা, কবি আসাদ কাজল, কবি মিতা আলী, কবি নূরুন্নবী সোহেল, কবি টিমুনি খান রীনো, কবি জামিল জাহাঙ্গীর, কবি রোকন জোহর, মুক্তা পারভীনসহ আরও অনেকে।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ করছি দ্রুততম সময়ে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে। অন্যথায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মুক্তির আকাঙ্ক্ষা ব্যাহত হবে। জাতীয় কবিতা পরিষদের কবিরা সব সময় মানুষের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার জন্য দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু আজ নারীদের প্রতি অব্যাহত সহিংসতায় সেই মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। প্রয়োজন হলে এই ধর্ষক ও নিপীড়কদের বিরুদ্ধে বাংলাদেশে আবারও যুদ্ধ হবে—ন্যায়ের যুদ্ধ, সম্প্রীতির যুদ্ধ, সম অধিকারের যুদ্ধ। আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাই, নারী ও শিশুর প্রতি এই পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত জাতীয় কবিতা পরিষদের কবিরা ঘরে ফিরবে না।