প্রবাস মেলা ডেস্ক: আবারও নাটকে ফেরার ঘোষণা দিয়েছেন দুই বাংলার প্রখ্যাত অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। ১১ ডিসেম্বর ২০২২, রবিবার কলকাতায় বাংলাদেশ বইমেলার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। কলকাতার কলেজ স্ট্রিটের কলেজ স্কয়ার মাঠে ১০ দিন ধরে চলা বইমেলা শেষ হয় রোববার। এবারের বইমেলায় বাংলাদেশের ৭৫টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। মেলায় স্টল ছিল ৬৮টি।
বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাটকে ফেরার বিষয়ে নিজের পরিকল্পনা নিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘ইতোমধ্যে কিছু মঞ্চনাটকে কাজ শুরু করেছি। টিভি এবং চলচ্চিত্রের জন্যও কিছু কাজ করেছি। আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন শেষ হলে আবারও সক্রিয়ভাবে নাটকে ফিরব।’
তিনি বলেন, ‘রাজনীতিতে আসার পর আগের মতো নাটকের সঙ্গে জড়িত থাকতে পারি না। তবে নাটকের সময়গুলো আমি খুব মিস করি। মাঝে মাঝে চেষ্টা করি, কিছু কাজ করেছিও, সময়ের সঙ্গে মিলিয়ে সামনের বছর আবারও শুরু করব।’
কলকাতায় বাংলাদেশ বইমেলা প্রসঙ্গে নূর বলেন, ‘বইমেলার মাধ্যমে দুই দেশের অনেকের সঙ্গে মেলামেশা, কথাবার্তা এবং মতবিনিময় হচ্ছে, এটা আমাদের জন্য অনেক জরুরি। আমরা যত বেশি একে অন্যের সঙ্গে কথা বলব তত একে অন্যকে বুঝতে পারব, জানতে পারব। আর এগুলো যত বেশি ঘনিষ্ঠ হবে দুই দেশের বন্ধন তত দৃঢ় হবে।’
বইমেলায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক কবি কামাল চৌধুরী, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা বইমেলার সম্পাদক প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে মেলার আয়োজক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শীর্ষ নেতা মাজহারুল ইসলাম বলেন, এখন থেকে কলকাতায় বাংলাদেশ বইমেলা নিয়ম করে ডিসেম্বর মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হবে। আগামী বছরের বইমেলাও হবে কলকাতার কলেজ স্ট্রিটের কলেজ স্কয়ার মাঠে।