প্রবাস মেলা ডেস্ক:
আবাসন খাতের অন্যতম সংগঠন বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) এর দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচনের সভাপতি পদে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. মো. আলী আফজাল ও সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। পরে কিছুটা বিলম্বে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টা ৩২ মিনিটে। পরে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনা শেষে রাত ১টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মো. আলী আফজাল ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বিজয় অর্জন করেন, যা এ নির্বাচনের অন্যতম আলোচিত দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট, সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এ.এফ.এম উবায়দুল্লাহ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ বিষয়ক সহ-সভাপতি পদে ড. মো. হারুন অর রশিদ ২৬২ ভোট পেয়ে জয়ী হন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিশেষভাবে নজর কাড়েন।
পরিচালক পদে মোহাম্মদ লাবিব বিল্লাহ ৩৩৮ ভোট পেয়ে শীর্ষস্থান অধিকার করেন, যা এ নির্বাচনের সর্বোচ্চ প্রাপ্ত ভোটগুলোর একটি। একই পদে উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব সমান ৩০৪ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।
নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন—এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হোসেন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরুজ সরদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।
চট্টগ্রাম থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এ এস এম আব্দুল গফফার মিয়াজী ও সারিস্ত বিনতে নুর। এছাড়া রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ, ইঞ্জি. এসকে নাজিম উদ্দিন, সৈয়দ ইরফানুল আলম, আশিস রায় চৌধুরী, হৃষিকেশ চৌধুরী ও এস এম শহিদুল্লাহ।
নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স), ভাইস প্রেসিডেন্ট-২ ও ভাইস প্রেসিডেন্ট-৩সহ মোট ১৫টি পদে জয়লাভ করে। অপরদিকে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ভাইস প্রেসিডেন্ট-১, ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) এবং ১২টি পরিচালক পদসহ মোট ১৪টি পদে জয়ী হয়। জাগরণ প্যানেল কোনো পদে জয়লাভ করতে পারেনি।
নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক প্রবাস মেলা’কে বলেন- আবাসন খাতের ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করাবো। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে নীতিগত জটিলতা, উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং অনুমোদন প্রক্রিয়ার ধীরগতিসহ দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব।
সংশ্লিষ্ট মহলের আশা, নতুন কমিটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে আবাসন খাতে নতুন গতি সঞ্চার হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।