উর্দু শুধু আল্লা’র ভাষা নয়রে
এ কথা আজ বঙ্গলিপি কয়রে
ভয়কে দিয়ে দূরে ঠেলে
উড়ছে লিপি পাখা মেলে
বঙ্গলিপি’র জয়রে!
বিশ্ব জুড়ে একই কথা
মায়ের ভাষায় দিয়ে ব্যথা
কেউ হয়না লাভবান
কৃষ্ণচূড়া রক্তজবার জেগে ওঠে প্রাণ
বীরের বায়ু বয়রে!
ত্যাগের ফসল সজীব থেকে
সোনালী হয় নিত্য পেকে
মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ী
২১ হলো ৭১-এর জয়রে!
করলে আঘাত ব্যাঘাত ঘটে
কালিমা লেপন হয় স্মৃতি’র পটে
পতন ঘটে স্বৈরাচারের
তুচ্ছ কিছু নয়রে!
তুচ্ছ ভাবে শাসক যখন
বিশ্ব বিবেক জাগে তখন
মিথ্যে মেকি’র ভণ্ড-নিশান
লণ্ডভণ্ড হয়রে!
বঙ্গলিপি’র দীক্ষাটি তাই
স্বৈরাচারের ভয়রে!