একটা ভবন মালিকের সাথে সাক্ষাৎ হলে
মনে হলো সে মালিক না, দখলদার
তার সাথে লংড্রাইভে গল্পে আড্ডায়
মনে হলো লেটেস্ট মডেলের প্রাইভেট এসি কারটাও
তার না
বাড়ি গাড়ির কাগজপত্র তার নামে সবই টনটনে
হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক
ঘরে ফিরে মনে হচ্ছে
ছিনতাইকারীর সাথেই ছিলাম এতক্ষণ
দারোয়ান ড্রাইভার স্টাফের বেতন সে দ্যায় ঠিকই
সবাই তাকে মালিক জানে
নিয়োগ কর্তা সে
অথচ আমিই তাকে উড়ে এসে জুড়ে বসা
সিধেঁল চোর দিনদুপুরে ডাকাত ভাবছি
আমার স্পর্ধা তো কম নয়
বেচারা দান খয়রাতও করে হর হামেশায়
এত মালপানি দেখে কারও কারও চোখ টাটায়
কিন্তু আমার দৃষ্টি কেন অন্য খানে
আমার স্পর্ধা তো কম নয়
নকল মালিক চিনতে
আসল চোখ চাই চিরকাল।