তারেক মাহমুদ:
শহরে উপচে পড়া মানুষ
কেউ কাউকে চেনে না
গ্রামে ভীড় নেই
সবাই পরস্পরকে চেনে
শহরের ভীড় মানুষের মাঝে সবাই একা
গ্রামের সবাই আত্মার আত্মীয়
শহরে বাড়ি জুড়ে বাসা
বাসা মানে সম্পর্কহীন দিনযাপন
গ্রামে ঘর জুড়ে বাড়ি
বাড়ি মানে আশ্রয়
সম্পর্কে জড়িয়ে থাকা একান্নবর্তী
কখনো গ্রামে যাই কখনো ফিরে আসি শহরে
আমার কোথাও আবাস হলো না
আমি এক ঠিকানাহীন পোস্টকার্ড
আমি না হলাম গ্রামের – না শহরের।