প্রবাস মেলা ডেস্ক: আফ্রিকায় সম্প্রতি হদিস মিলেছে কোভিডের নতুন প্রকরণের। একাংশের চিকিৎসকদের আশঙ্কা, নতুন এই প্রকরণটির ছড়িয়ে পড়ার ক্ষমতা ভয়াবহ। সেই আশঙ্কাকে মাথায় রেখেই আফ্রিকার ৭টি দেশ থেকে আসা পর্যটকদের জন্য দেশের দরজা বন্ধ করার কথা ঘোষণা করল সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুর সূত্রে খবর, গত ১৪দিনের মধ্যে যাঁরা দক্ষিণ আফ্রিকা, বোটসওয়ানা, এসওয়াটিনি, লেসোথো, মোজাম্বিক, নামিবিয়া এবং জিম্বাবোয়ে গিয়েছিলেন, ২৭ নভেম্বর মধ্যরাত থেকে তাঁদের সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ৭টি দেশের কোনও পর্যটকের সিঙ্গাপুরে প্রবেশের আগাম অনুমতি নেওয়া থাকলে তাও বাতিল করা হচ্ছে। সিঙ্গাপুরের কোনও স্থায়ী নাগরিক যদি এই ৭টি দেশ থেকে ফেরত আসেন, সেক্ষেত্রে তাঁদের বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোরেন্টাইন পর্ব কাটাতে হবে।
সিঙ্গাপুরে এখনও কোভিডের নবতম প্রকরণ হানা না দিলেও, হংকংয়ে ইতিমধ্যেই দুইজন আক্রান্তের হদিস মিলেছে। তারপর থেকেই সুরক্ষা বলয় আঁটোসাঁটো করার পথে হাঁটছে নগররাষ্ট্রটি।