প্রবাস মেলা ডেস্ক: রুমানা মালিক মুনমুন। শোবিজে একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী। কানাডা প্রবাসী মুনমুন দেশে ফিরেছেন। ফিরেই জানিয়েছেন খুশির খবর।
মুনমুন মা হয়েছেন। গেল বছর ২৪ মে কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। তার মেয়ের নাম ঈমান হোসেন। সব মিলিয়ে আড়াই বছর পর দেশে ফিরেছেন মুনমুন।
মেয়ের প্রথম বাংলাদেশ সফর নিয়ে বেশ উৎফুল্ল মুনমুন। জানান, খুব অল্প সময়েই ঈমান তার দাদী, নানা, খালা, ফুফুদের সঙ্গে মিশতে পেরেছে। বাড়ি ঘুরে বেড়াচ্ছে। খেলার সাথী পেয়ে বাবা-মাকে ভুলতে বসেছে।
মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসব কথা বলেন মুনমুন। রুম্মান রশীদ খান ও লাবণ্যর উপস্থাপনায় ১৫ নভেম্বর প্রচার হবে অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।
জনপ্রিয় এ উপস্থাপিকা আরও জানান, প্রায় দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছেন। জীবনের নতুন অর্থ বুঝতে শিখেছেন। জীবনের সব ক্ষেত্রে স্বামী তৌফিক হোসেনের অবদানের কথাও স্বীকার করতে ভোলেন না মুনমুন।
ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত দেশে থাকবেন মুনমুন। এ সময়ে মনের মতো কোনো অনুষ্ঠান পেলে ফিরতে চান প্রিয় জায়গায়। কারণ উপস্থাপকের আসন তো বটেই, সহকর্মী ও দর্শকদেরও ভীষণভাবে মিস করেন তিনি।
কয়েকবছর পর পুরোপুরি দেশে চলে আসার কথা জানান মুনমুন। কানাডায় তিনি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে স্নাতকোত্তর করেছেন। দেশে ফিরে সে বিষয়ে কাজ করতে চান। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন তিনি।