প্রবাস মেলা ডেস্ক: ১৪ ফেব্রুয়ারী বিশ্বব্যাপী ‘ONE BILLION RISING’ দিবস পালিত হয়েছে। ঐদিন ওবিআর দিবস পালনের ধারাবাহিক কর্মসূচীর শেষ দিন ছিলো। শেষ দিনে ঢাকার ৭টি স্থানসহ বাংলাদেশের মোট ৩৭টি জেলায় মানববন্ধন রচনার মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হয়।
১৩ ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ-এর সমন্বয়ক খুশী কবির, সঙ্গীত পরিবেশন করেন সায়ান, সমগীত, লাকী আক্তার, এফ মাইনর ব্যান্ড, নৃত্য পরিবেশনায় “হ্যাপী হোম”এর শিশু শিল্পীরা এবং ‘অস্তিত্ব’এর শিল্পীবৃন্দ, নাটক পরিবেশন করেন “সাংগাত পারফর্মিং স্পেইস বিডি”র নাট্যকর্মীবৃন্দ, আবৃত্তি করেন বন্যা লোহানী, অনুষ্ঠান সঞ্চালনায় বিপাশা সাঈদ।
১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী একশনএইড বাংলাদেশ, ব্লাস্ট, এএলআরডি, বহ্নিশিখা, নিজেরা করি, ব্র্যাক, বাদাবন সংঘ, বন্ধু ফাউন্ডেশন, প্রাগ্রসর, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফাম, অস্তিত্ব বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ ইয়ুথ লীডারশিপ সেন্টার, ক্রিয়েশন, ডিয়াকোনিয়া এবং ইয়ুথ ফর চেঞ্জ, নারীপক্ষ, পসিবিলিটি সহ আরও বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে ঢকা, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, লক্ষীপুর, কুমিল্লা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, দিনাজপুর, নাটোর, গাইবান্ধা, রংপুর, কুষ্টিয়া, বাগেরহাট, পিরোজপুর, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, নওগাঁ, বরিশাল, বগুড়া, কক্সবাজার, ফরিদপুর, সিলেট, যশোর, ময়মনসিংহ, পাবনা, পটুয়াখালী, রাজশাহী, রাঙামাটি, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, বান্দরবান ও গাইবান্ধায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকায় মিরপুর, ধানমন্ডি, শাহবাগ, গুলশান, মহাখালী এবং সুপ্রিম কোর্ট চত্বরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়।
ধানমন্ডিতে সমাবেশে ওয়ান বিলিয়ন রাইজিং-এর বাংলাদেশের সমন্বয়ক খুশী কবির মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণাকালে বলেন, “আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় আমরা দেশব্যাপী মানববন্ধন কর্মসূচী সফল করতে পেরেছি। আগামীতেও আমরা সম্মিলিতভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং একটি বৈষম্যহীন সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আমাদের সংগ্রাম বজায় রাখবো”।